শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের সরকার নয়, দেশটির আদালত নিতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

রোববার (১৬ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ বর্তমানে ভারতীয় কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। সংশ্লিষ্ট এক ভারতীয় কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, বিষয়টি শেষ পর্যন্ত আদালতের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই নিষ্পত্তি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে প্রয়োজনীয় আইনি নথিপত্রসহ অনুরোধ জানানো হয়েছে। ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী, প্রত্যর্পণযোগ্য অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ বিষয়টি নিষ্পত্তি করতে পারে। তবে রাজনৈতিক প্রকৃতির অপরাধ প্রত্যর্পণের আওতার বাইরে থাকার বিধান রয়েছে। একই সঙ্গে হত্যা, হামলা, আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও হত্যায় প্ররোচনার মতো কয়েকটি অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য না করার কথাও চুক্তিতে উল্লেখ রয়েছে।

ভারতের ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনও এ ক্ষেত্রে প্রাসঙ্গিক। আইন অনুযায়ী, প্রত্যর্পণের অনুরোধ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য ইনকোয়ারি ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যেতে পারে। প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তি রয়েছে বলে মনে হলে প্রত্যর্পণের সুপারিশ করা সম্ভব; অন্যথায় অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দেওয়ার সুযোগ রয়েছে।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ঢাকা-দিল্লির চলমান কূটনৈতিক আলোচনার সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সেই আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে।

  • শেয়ার করুন