মার্কিন সেনা বন্দি করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের
প্রকাশিত: August 16, 2026
শেয়ার করুন
মার্কিন সেনা বন্দি করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের
প্রকাশিত:
মার্কিন সেনাবাহিনীর সদস্যকে হত্যা বা বন্দি করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার বা ৫ বিলিয়ন তোমান পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।
রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)–এর একটি পোস্টে এ তথ্য প্রকাশ করা হয়।
আমির হাতামির দাবি, সাধারণ ইরানি জনগণের আর্থিক সহায়তায় এই পুরস্কারের অর্থ দেওয়া হবে। কোনো ব্যক্তি মার্কিন বাহিনীর সদস্যকে হত্যা বা বন্দি করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারলে তাকে নির্ধারিত অর্থ পুরস্কার দেওয়া হবে। কোনো ইরানি নারী এ কাজে সফল হলে তাকে দ্বিগুণ অর্থ দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
এ ছাড়া হামলায় ব্যবহৃত অস্ত্রের জন্যও প্রণোদনার কথা বলা হয়েছে। আমির হাতামির বক্তব্য অনুযায়ী, ব্যবহৃত অস্ত্রটি দ্বিগুণ দামে কিনে নেওয়া এবং ওই ব্যক্তিকে নতুন অস্ত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে। সফল হামলায় ব্যবহৃত অস্ত্রটি একটি পরিকল্পিত জাদুঘরে সংরক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে।
মার্কিন সামরিক শক্তির সমালোচনা করে আমির হাতামি দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
তিনি আরও দাবি করেন, পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালিতে মার্কিন উপস্থিতি ইরান মেনে নেবে না এবং অঞ্চলটি থেকে মার্কিন বাহিনীকে সরে যেতে হবে।
তবে এসব বক্তব্য ও পুরস্কার ঘোষণার তথ্যটি ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের প্রকাশিত দাবির ভিত্তিতে; স্বাধীনভাবে এর বাস্তবায়ন বা অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।