পাকিস্তান-চীনকে মোকাবিলায় জার্মানি থেকে ৬ সাবমেরিন কিনছে ভারত

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন

বঙ্গোপসাগর ও আরব সাগরে নিজেদের নৌশক্তি বাড়াতে জার্মানির কাছ থেকে ছয়টি অত্যাধুনিক সাবমেরিন কেনার উদ্যোগ নিয়েছে ভারত। ‘অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন’ শ্রেণির এসব ডুবোজাহাজ কিনতে প্রাথমিকভাবে প্রায় ৭০ হাজার কোটি রুপি বাজেট ধরা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, ছয়টি সাবমেরিন কেনার প্রস্তাব ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে কমিটির বৈঠকে ‘প্রজেক্ট ৭৫ ইন্ডিয়া’ বা ‘পি-৭৫ ইন্ডিয়া’ প্রকল্পের অনুমোদন হতে পারে।

প্রস্তাব অনুমোদিত হলে জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস (টিকেএমএস) এবং ভারতের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড যৌথভাবে সাবমেরিনগুলো নির্মাণ করবে। ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় ভারতে এগুলো নির্মাণের পরিকল্পনা রয়েছে।

নতুন সাবমেরিনগুলোতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন (এআইপি) প্রযুক্তি থাকার কথা রয়েছে। এর ফলে সাধারণ ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনের তুলনায় দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করা সম্ভব হবে। কম শব্দ ও তুলনামূলক ছোট আকারের কারণে এগুলো নজরদারি ও গোপন অভিযানে কার্যকর বলে বিবেচিত হয়।

পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি সাবমেরিনের দৈর্ঘ্য প্রায় ৬৫ মিটার এবং প্রস্থ প্রায় ৬ দশমিক ৫ মিটার হতে পারে। অস্ত্রসজ্জায় টর্পেডো ও অ্যান্টি-শিপ মিসাইলসহ বিভিন্ন আধুনিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে বঙ্গোপসাগর ও আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বাড়বে। একই সঙ্গে চীন ও পাকিস্তানের নৌশক্তির মোকাবিলায় ভারতের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

‘পি-৭৫ ইন্ডিয়া’ প্রকল্পের আলোচনা শুরু হয় ২০১৮ সালে। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল প্রায় ৪৩ হাজার কোটি রুপি। পরবর্তী সময়ে সম্ভাব্য ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ভারতীয় নৌবাহিনীর হাতে গত পাঁচ বছরে নতুন কোনো সাবমেরিন যুক্ত না হওয়ায়, প্রস্তাবিত এই প্রকল্পকে দেশটির নৌ সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

  • শেয়ার করুন