বাংলাদেশের ঐতিহাসিক জয়ের উত্তাপ, ম্যাকাই টেস্টের টিকিট সোল্ডআউট

প্রকাশিত: August 18, 2026

  • শেয়ার করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টকে ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যেই সোল্ডআউট হয়ে গেছে।

ম্যাচ শুরুর কয়েক দিন আগেই টিকিট শেষ হয়ে যাওয়ার ঘটনায় স্পষ্ট, ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর এই টেস্ট ঘিরে দর্শকদের আগ্রহও বেড়েছে। আগামী ২২ আগস্ট শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
ম্যাচটি ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় হবে যা অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ১২তম ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে। এর আগে ডারউইনের ম্যারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল।

ম্যাকাইয়ের এই ভেন্যুটির দর্শক ধারণক্ষমতা প্রায় ১০ হাজার। প্রথম দিনের টিকিট পুরোপুরি বিক্রি হয়ে যাওয়ায় টেস্টের শুরুতেই গ্যালারি পূর্ণ থাকার প্রত্যাশা তৈরি হয়েছে।

শুধু প্রথম দিনই নয়, দ্বিতীয় দিনের টিকিটও ধারণক্ষমতার কাছাকাছি চলে গেছে বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে।এই উন্মাদনার পেছনে সবচেয়ে বড় কারণ অবশ্যই ডারউইনের ফল। প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের মাত্র দ্বিতীয় টেস্ট জয় এবং ডারউইনের জয়টি এসেছে এমন এক সময়ে, যখন সিরিজ শুরুর আগে শক্তিশালী অস্ট্রেলিয়াকেই স্পষ্ট ফেভারিট ধরা হচ্ছিল।

ডারউইনে বাংলাদেশের দারুণ বোলিং ও ব্যাটিংয়ের সামনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হয়। পরে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে শেষ পর্যন্ত নয় উইকেটের জয় নিশ্চিত করে। ফলে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে। ম্যাকাই টেস্টে সিরিজ জয়ের সুযোগ রয়েছে শান্ত-মিরাজদের সামনে। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া হয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

  • শেয়ার করুন