ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২, আহত অনেক

প্রকাশিত: September 2, 2026

  • শেয়ার করুন

নতুন করে ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বহু মানুষ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভয়াবহ মার্কিন হামলার পর এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রেস টিভি

প্রতিবেদনে বলা হয়, খুজেস্তান প্রদেশের আহভাজ ও আগাজারি শহরের কাছে তিনটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে পৃথক হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে।

 

 

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সেন্টকম আরও জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং ওই অঞ্চলে থাকা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের জেরে চালানো হয়েছে এসব হামলা।

 

ইরানের প্রতিশোধমূলক হামলায় বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত: আইআরজিসি

অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান অপারেশনাল শাখা খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম যুলফাগারি বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী এসব হামলার জবাবে পুরো অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’

 

 

হামলায় ঘাঁটিগুলোর অবকাঠামো, স্থাপনা, অস্ত্র ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন কমান্ডার ও সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি আরও বলেন, ‘আমেরিকানদের বিরুদ্ধে এসব আক্রমণাত্মক অভিযান চলতে থাকবে, যতক্ষণ না তারা তাদের আগ্রাসী কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়।’

  • শেয়ার করুন