উইপোকার উপদ্রবে মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা

প্রকাশিত: September 5, 2026

  • শেয়ার করুন

মিল্লা সার্কিট হাউসে বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রবে রাত্রিযাপন না করেই অন্যত্র চলে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় নেতারা জানান, ১১-দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে যান ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তাঁর রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বরাদ্দ করা হয়।

তারা জানান, রাত ১০টার দিকে ওই কক্ষে বিশ্রাম নিতে গিয়ে তিনি কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান। কক্ষের আসবাবপত্র ও কম্বলেও উইপোকা ছিল বলে অভিযোগ করা হয়। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন এবং একটি কম্বল চান। তবে তাৎক্ষণিকভাবে বিকল্প কক্ষের ব্যবস্থা করা সম্ভব হয়নি।

পরে দীর্ঘ সময় অপেক্ষা করেও কার্যকর ব্যবস্থা না হওয়ায় সার্কিট হাউস ছেড়ে অন্যত্র রাত্রিযাপন করেন ডা. তাহের।

মু. মাহবুবর রহমান বলেন, কুমিল্লা সার্কিট হাউস একটি সুসজ্জিত আধুনিক ভবন। এটি দেখভালের জন্য সরকারি জনবলও রয়েছে। কিন্তু ভিআইপি অতিথিদের জন্য আবাসনের ব্যবস্থা অত্যন্ত নাজুক। উইপোকার কারণে বিকল্প কক্ষ না পেয়ে আমাদের নেতা সার্কিট হাউস ছেড়ে অন্যত্র রাত্রিযাপন করেছেন।

এদিকে সার্কিট হাউসের ওই কক্ষের দাবি করে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে কক্ষের বিভিন্ন স্থানে উইপোকার উপস্থিতি দেখা যায়।

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) সরকারি নম্বরে ফোন করা হলেও তিনি কল ধরেননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, সার্কিট হাউসে আরও কয়েকটি কক্ষ খালি ছিল। কিন্তু অন্য একটি কক্ষের চাবি আনতে দেরি হওয়ায় ডা. তাহের সেখানে না থেকে চলে যান।

  • শেয়ার করুন