বিয়ের অনুষ্ঠানে পুড়ে মরলেন ২২ অতিথি

প্রকাশিত: September 6, 2026

  • শেয়ার করুন

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় এক কর্মকর্তা। খবর আনাদোলুর।

লিংওয়ালা বরোর মেয়র নরম্যান মুশিঙ্গা জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) কিনশাসার লিংওয়ালা বরোর একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন শেষে আমি জানতে পেরেছি, নিহতের সংখ্যা ২২ জনে পৌঁছেছে।’

 

 

মুশিঙ্গা জানান, ভবনের ভেতরে থাকা অনেক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য কিনশাসার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

 

দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

 

 

এদিকে এক বিবৃতিতে ইন্টেরিয়র মন্ত্রী জাকমা শাবানি সব প্রাদেশিক গভর্নরকে জনসমাবেশ বা সার্বজনীন অনুষ্ঠান হয়—এমন স্থানগুলো অবিলম্বে পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। নিরাপত্তা মানদণ্ড মেনে চলতে ব্যর্থ যেকোনো প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

  • শেয়ার করুন