প্রকাশিত: September 16, 2026
অনলাইন বেটিং ও অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে বিদেশে অর্থপাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির দাবি, চক্রটি ভুয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন জুয়ার অর্থ লেনদেন করতো।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে একই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার দুজন হলেন- সজীব দে (৩৭) ও মো. মাসুদ রানা (৩০)।
সিআইডি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামপুরার ৬৭, পূর্ব হাজীপাড়ার এসএস কর্পোরেশন (নগদ হাউজ)-এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার মনিটরিং সেলের অনলাইন মনিটরিং ও প্রাথমিক অনুসন্ধানে চক্রটির কার্যক্রমের তথ্য পাওয়া যায়। সিআইডির ভাষ্য, দেশের বিভিন্ন ব্যক্তি ও বিদেশে অবস্থানকারী সদস্যদের সমন্বয়ে গড়ে ওঠা চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বেটিং ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রচার করত। এর মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় যুক্ত করা হতো।
প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায়, চক্রটি ভুয়া বা অস্তিত্বহীন দোকানের তথ্য ব্যবহার করে এমএফএস উদ্যোক্তা সিম ও অ্যাকাউন্ট খুলত। পরে এসব অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন জুয়ায় অংশ নেওয়া ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হতো। সংগৃহীত অর্থ বিভিন্ন মাধ্যমে বিদেশে পাচার করা হতো বলে তথ্য পেয়েছে সিআইডি।
এ ঘটনায় পল্টন মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।
সিআইডি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ভুয়া এমএফএস অ্যাকাউন্ট খুলে অনলাইন জুয়া কার্যক্রমে সহযোগিতা এবং এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার কথা স্বীকার করেছেন। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে