সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় ১৫০ কেজি মাছ শিকার, ৪ জেলে আটক

প্রকাশিত: September 26, 2026

  • শেয়ার করুন

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীন অভয়ারন্য অঞ্চলে বিনা অনুমতিতে মাছ শিকারের অভিযোগে বিভিন্ন সরঞ্জামসহ চার জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। এসময় ১৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ জব্দ করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গোপসাগর সংলগ্ন রায়মঙ্গল নদীর নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বইশখালী গ্রামের মো. মফিজুল মোল্লার ছেলে মো. আল আমিন মোল্লা, একই উপজেলার পাইশামারী গ্রামের মৃত কাশেম গাজীর জেলে মো. মনিরুল ইসলাম, একই এলাকার আবিয়র গাজীর ছেলে মো. কবিরুল ও মৃত গোলাপ গাজীর ছেলে জামাল গাজী।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের প্রবেশ নিষিদ্ধ গহীন অভয়ারন্য এলাকায় একদল জেলে মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের কদমতলা স্টেশনের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে উক্ত চার জেলেকে আটক করা হয়। একই সাথে জব্দকরা হয় তাদের ব্যবহৃত একটি ডিঙি নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম এবং ১৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রবেশ নিষিদ্ধ গহীন অভয়ারন্য এলাকায় অবৈধ ভাবে মাছ ধরার দায়ে উক্ত মালামালসহ চার জেলেকে আটক করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বনআইনে মামলা দিয়ে সাতক্ষীরার আদালতে প্রেরণ করা হয়েছে।

  • শেয়ার করুন