প্রকাশিত: September 30, 2026
মিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ওপর অভিমান করে তারা বাড়ি থেকে চলে গিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধার হওয়া দুই কিশোরী হলো- চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে মাহিমা ইসলাম মাহি (১২) ও যুগিরকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে তানিসা আক্তার (১৪)।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) লুৎফর রহমান বলেন, গত ২৪ সেপ্টেম্বর সকালে কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মাহিমা ও তানিসা। কিন্তু তারা মাদ্রাসায় বা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনাটি জানার পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় অনুসন্ধানে নামে পুলিশ। চৌদ্দগ্রাম মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাদের অবস্থান কক্সবাজারে শনাক্ত করতে সক্ষম হয়।
পরবর্তীতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কক্সবাজার ডিবি পুলিশের সহযোগিতায় সমুদ্রসৈকত সংলগ্ন গ্রীণ প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবারের ওপর অভিমান করে বাড়ি ছেড়েছিল বলে তারা স্বীকার করেছে।
আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা কিশোরীদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।