সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ৬ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: October 5, 2026

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. হাবিবুল্লাহ (৩১) নামে এক ব্যবসায়ী। ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকারের পিছু নেওয়ার সময় ওই গাড়ির ধাক্কায় সড়কে পড়ে আহত হন তিনি।

রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক কালু হাজী রোডের মাথায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাবিবুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, দুপুরে চিটাগাং রোডের দশতলা এলাকার ব্র্যাক ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করেন তিনি। পরে টাকা নিয়ে মোটরসাইকেলে মিজমিজি দক্ষিণপাড়ার বাসার দিকে রওনা হন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মৌচাক কালু হাজী রোডের মাথায় পৌঁছালে পেছন থেকে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজন জানালা দিয়ে হাত বাড়িয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। এরপর প্রাইভেটকারটি মৌচাক ইউটার্ন ঘুরে চিটাগাং রোডের দিকে চলে যায়।

হাবিবুল্লাহ আরও জানান, তিনি মোটরসাইকেলে ছিনতাইকারীদের গাড়ির পিছু নেন। একপর্যায়ে মাদানী নগর মাদ্রাসার সামনে পৌঁছালে প্রাইভেটকারটি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে আহত হন। পরে ছিনতাইকারীরা গাড়ি নিয়ে কাঁচপুর ব্রিজের দিকে পালিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • শেয়ার করুন