বিক্ষোভ দমনে ধরপাকড়, দিল্লিতে সাংবাদিকদেরও আটক করছে পুলিশ

প্রকাশিত: October 10, 2026

  • শেয়ার করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ঘিরে ব্যাপক ধরপাকড়ের মধ্যে সাংবাদিকদেরও আটক করছে পুলিশ। সংবাদমাধ্যমের পরিচয়পত্র দেখানোর পরও স্বাধীন সংবাদমাধ্যমের একাধিক সাংবাদিককে আটক করে বাসে তোলা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়্যার।

শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য ওয়্যার জানায়, প্রতিবাদ কর্মসূচি শুরু হতে বাধা দিতে দিল্লি পুলিশ কয়েক হাজার মানুষকে আটক করেছে। তাদের মধ্যে স্বাধীন সংবাদমাধ্যমের সাংবাদিকেরাও রয়েছেন।

সাংবাদিকদের আটকের ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। আটক সব সাংবাদিককে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই দাবি জানিয়েছে ডিজিটাল সংবাদমাধ্যমগুলোর সংগঠন ডিজিপাব।

প্রতিবেদনে বলা হয়, প্রতিবাদ কর্মসূচির আগে দিল্লি পুলিশ সাংবাদিকদের জন্য কিছু নির্দেশনা প্রকাশ করেছিল। এসব নির্দেশনায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের নিজেদের পরিচয়পত্র দৃশ্যমানভাবে প্রদর্শনের কথা বলা হয়। কিন্তু শনিবার সাংবাদিকদের পরিচয়পত্র দেখানোর পরও তাদের আটকের ঘটনা ঘটেছে।

দ্য ওয়্যারের সাংবাদিক জাহ্নবী সেন, শ্রাবস্তী দাশগুপ্ত ও অন্তরা বরুয়া জানিয়েছেন, পুলিশ লোকজনকে ধরে বাসে তোলার সময় তাদের পরিচয়পত্রের প্রতি তেমন গুরুত্ব দেয়নি।

এ ছাড়া সংবাদমাধ্যম দ্য কুইন্ট একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে পরিচয়পত্র দেখানোর পরও সাংবাদিকদের আটক অবস্থায় বাসে দেখা যায়। দ্য কুইন্টের সাংবাদিক সার্থক জয়সওয়ালকেও আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। তবে ধরপাকড়ের মধ্যে সাংবাদিকদের আটকের ঘটনায় সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নির্বিঘ্নে সংবাদ সংগ্রহের সুযোগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

  • শেয়ার করুন