সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কাল

প্রকাশিত: October 15, 2026

  • শেয়ার করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করবে বিএনপি।

আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর মহিলা আসন-২৩-এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের আগামীকাল নির্ধারিত সময়ে মনোনয়ন ফরম সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে। ফরম পূরণ করে আগামী শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে একই স্থানে জমা দিতে হবে।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন (সংরক্ষিত মহিলা আসন-২৩) শূন্য ঘোষণা করা হয়। সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী আসনটি শূন্য হওয়ার পর নির্বাচন কমিশন উপনির্বাচনের উদ্যোগ নেয়।

  • শেয়ার করুন