বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রকাশিত: October 15, 2026

  • শেয়ার করুন

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় দলটির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কার্যালয়ে গিয়ে অগ্নিসংযোগের বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছেন এনসিপির নেতারা। তাদের দাবি, ভিডিও ফুটেজে তিন যুবককে কার্যালয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে। আরেকজন মুঠোফোনে পুরো ঘটনাটি ধারণ করছিলেন।

বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী এম এস এ মাহমুদ বলেন, বুধবার রাত ১টা থেকে দেড়টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার সকালে কার্যালয়ে এসে বিষয়টি জানতে পারি। পরে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এনসিপির জেলা শাখার সদস্যসচিব সুলতান মাহমুদ বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বিদ্যমান। তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে এ মুহূর্তে সুনির্দিষ্টভাবে কারো নাম বলা কঠিন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এনসিপির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • শেয়ার করুন