৭ মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: হাসনাত

প্রকাশিত: October 18, 2026

  • শেয়ার করুন

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বিএনপি গত ৭ মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

আজ রবিবার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

এসময় হাসনাত আবদুল্লাহ বলেন, এখন প্রত্যেকদিন একেকটি প্রতিশ্রুতি ভাঙছে বিএনপি। ভাঙার পর দম্ভ করে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দেয় দলটি। এ কথা বলে এরই মধ্যে জুলাই সনদের ১৭টি ধারা লঙ্ঘন করেছে তারা। এমনকি সাত মাসে জাতির সঙ্গে ১৭ বার প্রতারণা করা হয়েছে।

এনসিপি নেতা বলেন, বিএনপি ভেবেছিল এক পা ডাঙায় আরেক পা জলে রেখে সাঁতরে পুকুর পার হবে। এতে পার হতে পারলেও লুঙ্গি ঠিক থাকবে না। আমরা বারবার চেয়েছিলাম একটি সংস্কার পরিষদ গঠন করা হোক। গণভোটের মধ্য দিয়ে ৩০০ সংসদ সদস্যকে ১৮০ দিনের জন্য এই সংস্কারের ক্ষমতা দিয়েছিল জনগণ। অথচ গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের অর্ধেক ফলাফল মেনেছে বিএনপি সরকার। বাকি ফলাফল তারা মানেনি। আওয়ামী লীগের আমলে ২০১৪ সালে আসন চুরি, ২০১৮ সালে মধ্যরাতের নির্বাচন এবং ২০২৪ সালে আমি-ডামি নির্বাচনের অভিযোগ ছিল। আর বিএনপি নির্বাচনের ফলাফল চুরি করছে বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া নির্বাচনের উদাহরণ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের সময়ে নানান বিতর্কিত নির্বাচন হয়েছিল। ঠিক একই কায়দায় বিএনপি কিছু মানছে, কিছু মানছে না। অর্থাৎ পক্ষে গেলে মানছে, নয়তো না। ফলে গণভোটের ফলাফল না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি সরকার দলের এমপিরা। এতে জুলাই সনদটি এখন আর ফাংশনাল নেই। বিএনপি নিজের হাতে ধরে এটি অন্ধকার করেছে। এরপরও প্রত্যেকদিন বলে যে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। এটা বলতে বলতে এরই মধ্যেই গত ৭ মাসে জনগণের সঙ্গে প্রতারণা করেছে দলটি।

হাসনাত বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ভাগিনারা ঘুষ-বাণিজ্য চালান। আপনি ওসি বা এসপি হতে চাইলে তার ভাগিনাকে ঘুষ দিলেই পদ পেয়ে যাবেন। কিন্তু সালাহউদ্দিন আহমেদ তো এটাই করেছেন। দেশে আবার সংকট তৈরি হলে তাদের খুঁজে পাওয়া যাবে না। সংকটের সময় যেমন তারা দেশে ছিলেন না, তেমনি পরে আবার অধ্যাপক হিসেবে আবির্ভূত হবেন।

তিনি আরও বলেন, জুলাই সনদের ৬২ নম্বর প্রস্তাবে তথ্য অধিকার আইন সংশোধনের কথা বলা হয়েছিল। নাগরিকরা যাতে সহজে সরকারি তথ্য পেতে পারেন, সে জন্য অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি তথ্য অধিকার আদেশ জারি করেছিল। এর উদ্দেশ্য ছিল, সরকারি কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি গোপন করতে না দেওয়া এবং এসব বিষয়ে অডিটের ব্যবস্থা করা। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসেই সেই অধ্যাদেশ বাতিল করে দেয়।

হাসনাত বলেন, আপনারা বারবার বলছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। টিয়া পাখির মতো এই কথা কে শিখিয়ে দিয়েছে? দেখবেন, বিএনপি মন্ত্রিসভা ও সংসদের সবাই একই কথা বলবেন। কিন্তু একবার জিজ্ঞেস করে দেখুন, জুলাই সনদের কোন বিষয়টি অক্ষরে অক্ষরে পালন করেছেন? ছেলের ঠিকাদারি, ছেলের নামে ইউনিয়ন করা আর ভাইয়ের মাধ্যমে ক্যাপ্টেন আনা ছাড়া বিএনপি আর কোন বিষয়টি অক্ষরে অক্ষরে পালন করেছে?

  • শেয়ার করুন