প্রকাশিত: October 19, 2026
সংক্ষিপ্ত ট্রানজিট সফরে ঢাকায় এসে বাংলাদেশের ফুটবল এবং ফুটবলপ্রেমীদের নিয়ে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় তিনি ঢাকাকে সুন্দর এবং এ দেশের মানুষকে দারুণ ফুটবল অনুরাগী হিসেবে আখ্যায়িত করেছেন।
ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন, ‘সবাইকে শুভেচ্ছা। আজ বাংলাদেশের ঢাকায় আসতে পেরে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত। সুন্দর একটি দেশ, তবে আমার কাছে এর চেয়েও বড় বিষয় হলো—এটি ফুটবলপ্রেমী এক অসাধারণ দেশ। এখানকার সবাই ফুটবল ভালোবাসে, এই খেলাটাকে ভালোবাসে।’
বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল এবং তাঁর টিমের কাজের প্রশংসা করে ফিফা প্রধান আরও যোগ করেন, ‘জনাব আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আজ খুব আনন্দিত। উনি একজন চমৎকার বন্ধু। নিজের বোর্ড এবং টিমকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ফুটবলকে পরবর্তী ধাপে পৌঁছে দিতে উনি দারুণ কাজ করছেন।’
ভবিষ্যতে বাংলাদেশের ফুটবল পরিকাঠামো ও ফুটবলের সার্বিক প্রসারে ফিফার সহায়তার কথা উল্লেখ করে ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন, ‘বাংলাদেশের মানুষের এটাই প্রাপ্য—পুরুষদের ফুটবল, নারীদের ফুটবল, ছেলে-মেয়ে সবার খেলাধুলা, প্রচুর প্রজেক্ট, স্কুলে মোটা অঙ্কের বিনিয়োগ, অবকাঠামো, ট্রেনিং সেন্টার ও পরিকল্পনা ইত্যাদি। এসব নিয়েই আমাদের আলোচনা হয়েছে এবং বাংলাদেশের ফুটবলের জন্য আমরা এসব চমৎকার প্রজেক্ট বাস্তবায়নে একসাথে কাজ করব।’
ফুটবল সংশ্লিষ্টরা মনে করছেন, ফিফা সভাপতির এমন ইতিবাচক মূল্যায়ন ও সংক্ষিপ্ত সফর ভবিষ্যতে বাংলাদেশের ফুটবল পরিকাঠামো এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিধি বাড়াতে বড় ভূমিকা রাখবে।