প্রকাশিত: October 25, 2026
জামালপুরের দেওয়ানগঞ্জে মক্তবের ১৫ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের দায়ে ইমাম মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য একটি মক্তব পরিচালিত হতো। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা মুছা মিয়া ওই মক্তব পরিচালনার দায়িত্বে ছিলেন। ২০২০ সালের ২৮ নভেম্বর মক্তবের ১৫ বছর বয়সী এক ছাত্রীকে মসজিদের ভেতরে ধর্ষণ করেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে রোববার আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষীদের জবানবন্দি ও উপস্থাপিত তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেন।