হকার উচ্ছেদে গিয়ে তোপের মুখে নাসিক প্রশাসক, বিক্ষোভ-হাতাহাতি

প্রকাশিত: October 26, 2026

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে অবৈধ হকারদের বাধা ও হামলার চেষ্টার মুখে পড়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় তাকে ঘিরে বিক্ষোভ ও স্লোগান দেন হকাররা। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে হকারদের তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর পুরোনো কোর্ট ও কালীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন কর্মী হকার উচ্ছেদ অভিযানে অংশ নেন। অভিযানে সিটি করপোরেশনের গাড়ি ও ভেকু ব্যবহার করা হয়। এ সময় ফুটপাত ও সড়কে থাকা অবৈধ হকারদের অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়।

হকারদের অভিযোগ, কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাদের দোকানের চৌকি ও ভ্যান ভাঙচুর করা হয়। পাশাপাশি বিক্রির জন্য রাখা গেঞ্জি, জুতা ও অন্যান্য পণ্যসহ অন্তত ১০টি সবজিবাহী ভ্যান সিটি করপোরেশনের গাড়িতে তুলে নেওয়া হয়।

এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন হকাররা। তারা মালামাল নিয়ে যাওয়ার প্রতিবাদ জানালে সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কালীবাজার এলাকায় প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে ঘিরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন হকাররা।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

উচ্ছেদ অভিযান চলাকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও উপস্থিত ছিলেন।

এদিকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিরসনে সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসির কার্যালয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈঠক হওয়ার কথা রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, নাসিক প্রশাসক উচ্ছেদ অভিযানে আসছিলেন। তবে প্রশাসন কিংবা আমাদের কাউকে জানায়নি। তিনি উচ্ছেদ অভিযানের কাজ সম্পন্ন করেছেন। পরবর্তীতে হকারদের সঙ্গে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। এরপর আমাদের সংবাদ দিলে আমিসহ আমার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাই। সেই সঙ্গে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন।

নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমি উচ্ছেদ কর্মীদের নিয়ে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলাম। এসময় হকাররা আমাদের উচ্ছেদ কর্মীদের ওপর হামলা করার চেষ্টা করে। তারা আমার সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। সেই সঙ্গে তারা তাদের মালপত্র রাস্তায় ফেলে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল। পরে আমি সেখান থেকে চলে আসি। বর্তমানে আমি বাসায় অবস্থান করছি।

  • শেয়ার করুন