প্রকাশিত: October 26, 2026
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়েছেন ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানি।
রোববার (২৫ অক্টোবর) মধ্যরাতে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ডাকাতের কবলে পড়েন তিনি। তবে তার কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এ তথ্য জানান।
জানা গেছে, এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলাম মাদানি ডাকাতের কবলে পড়েন। তাৎক্ষণিক তিনি ফেসবুক লাইভে এসে তাকে রক্ষা করার আকুতি জানান।
তিনি লাইভে এসে জানান, সড়কের মধ্যে বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হচ্ছে। তার গাড়ি একটু দূরে থাকায় তিনি রক্ষা পেয়েছেন। ডাকাতরা রামদা নিয়ে ডাকাতি করছেন। এসময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে ডাকাতরা।
তিনি আরও জানান, ডাকাতদের দেখে তার গাড়িচালক গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার কারণে তারা রক্ষা পেয়েছেন।
সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।