কিংফিশার বার থেকে ২৩ শ লিটার মদ-বিয়ার জব্দ

প্রকাশিত: October 26, 2026

  • শেয়ার করুন

রাজধানীর গুলশানে কিংফিশার বারে অভিযান চালিয়ে ২ হাজার ৩৫৯ লিটার দেশি-বিদেশি মদ-বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের চারটি গোয়েন্দা সংস্থা।

 

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বলেন, অ্যালকোহল ও এ জাতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে ক্রয়-বিক্রয় চলছে এমন গোয়েন্দা তথ্যেই রোববার রাতে গুলশানের কিংফিশারে অভিযানে যায় আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, মূল্য সংযোজন কর নিরিক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল।

 

অভিযানে কিংফিশারে একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া যায়। কক্ষটি বিশেষভাবে তালাবদ্ধ ছিল। চাবি না দেওয়ায় ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সেই গোপন কক্ষ থেকে বিপুল দেশি-বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। গোপন কক্ষের পাশাপাশি বার থেকেও বিপুল অ্যালকোহল উদ্ধার করা হয় বলে জানান রেজভী আহম্মেদ।

 

তিনি আরও জানান, কিংফিশারের বারের অনুমোদন থাকলেও কোনো ধরনের আমদানির অনুমতি দেখাতে পারেনি। সে কারণেই মদ ও বিয়ার জব্দ করা হয়। এই প্রতিষ্ঠানের চার পরিচালকের আয়কর নথি দেখা হচ্ছে। এতো দিন শুল্ক ফাঁকি দিয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বারটি মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ কাস্টমস গোয়েন্দাদের।

  • শেয়ার করুন