রাজধানীতে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

প্রকাশিত: October 28, 2026

  • শেয়ার করুন

রাজধানীর তুরাগে পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহের জেরে স্বামী মোহাম্মদ অপু মিয়ার (২৪) ধারালো ছুরির আঘাতে স্ত্রী রুনা আক্তার (১৮) খুন হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তুরাগ থানাধীন দলিপাড়া ৫ নম্বর সেক্টরের ৬/এ সড়কের শেষ মাথায় ৫১ নম্বর বাসার গ্যারেজের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে রক্তমাখা ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

নিহত রুনা আক্তার নেত্রকোনা জেলার সাতকান্দা গ্রামের মো. হাদিস মিয়ার মেয়ে। অন্যদিকে আটক অভিযুক্ত অপু মিয়া একই জেলার দাপুনিয়া গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করে আসছিলেন স্বামী অপু মিয়া। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ লেগে থাকত। এরই জেরে মঙ্গলবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে অপুর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রুনার বুকসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। রুনার ডাকচিকিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘাতক অপুকে অস্ত্রসহ হাতেনাতে ধরে ফেলে। পরে গুরুতর আহত অবস্থায় রুনাকে উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আসামিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা ছুরিটি উদ্ধার করে এবং আসামিকে হেফাজতে নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ।

  • শেয়ার করুন