প্রকাশিত: October 29, 2026
নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জলঢাকা শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ওসি নাজমুল আলম।
নাসিব সাদিক হোসেন নোভা জলঢাকা পৌরসভার সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের পৌর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল সন্ধ্যায় তার নিজ বাসভবনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জলঢাকা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে, তিনি মামলাটির এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।