প্রকাশিত: October 29, 2026
ইসরাইলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালেও সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ক্ষমতায় টিকে থাকতে হলে তাকে জোটের সমীকরণ মেলাতে হবে।
দখলদার দেশটির গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদেরও নির্ভর করতে হতে পারে আরব দলগুলোর ওপর। ফলে দেশটির পরবর্তী সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বুধবার (২৮ অক্টোবর) ভোট গণনার অগ্রগতির ভিত্তিতে ইসরাইলের সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাসে দেখা গেছে, নেতানিয়াহুর ডানপন্থী জোট ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে প্রায় ৫৩টি আসন পেতে পারে। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন। আরব দলগুলো সম্মিলিতভাবে পেতে পারে ১৯টি আসন।