প্রকাশিত: November 1, 2026
খুলনা প্রতিনিধি:
খুলনার শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ আশিক গ্রুপের শুটার জনিকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, স্পেশাল কোম্পানি।
রোববার (১ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে খুলনা মহানগরীর সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করে। তিনি খুলনার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জনির পিসি-প্রসিকিউশন (পিসি-পিআর) পর্যালোচনায় খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য পাওয়া গেছে।
অভিযানকালে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে খুলনা মহানগর পুলিশের সদর থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-৬।
উল্লেখ্য, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি।