প্রকাশিত: November 1, 2026
খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি তাঁতি দলের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক। হুমায়ুন কবির রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, হুমায়ুন কবির রায়মহল বড় মসজিদের পেছনে ‘হিল ক্যান্টিন’ নামে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে উপস্থিত নিহতের স্বজন সৈয়দ দিদারুল আলম বিপ্লব অভিযোগ করেন, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের এক ছাত্রদল নেতা ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছেন। তার দাবি, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুন কবিরকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে কোথায় এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থি সদস্য
খুলনা মহানগর তাঁতি দলের আহ্বায়ক মো. আবু সাঈদ জানান, নিহত হুমায়ুন কবির মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার হত্যার খবর শুনে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। তবে কারা বা কে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানতে পারেননি।