প্রকাশিত: November 2, 2026
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোনও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার নূর আলম বিবাহিত এবং চার সন্তানের জনক। তাঁর বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নূর আলম শেখ প্রায় ১৮ মাস ধরে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও এলাকার একটি জামে মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। এ সুবাদে শিশুটির মায়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে ওই গৃহবধূর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন বলে অভিযোগ রয়েছে।
প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি তাঁকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর থেকে ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন তিনি। একপর্যায়ে ধারণ করা আপত্তিকর ভিডিওটি গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠিয়ে তাঁর সঙ্গে দেখা করার জন্য চাপ দেন। দেখা না করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাশ বলেন, অভিযোগের তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। রোববার রাতে শ্রীনগরের একটি মাদ্রাসা থেকে অভিযুক্তকে তাঁর ব্যবহৃত মুঠোফোনসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।ব্যবস্থা নেওয়া হচ্ছে।