প্রকাশিত: November 2, 2026
গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে জামায়াতের আমিরের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ তুলে তাঁকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রাজনৈতিক খবর
সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম মানিক পাঁশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে রাশেদ খান বলেন, গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনের শুরুতে জামায়াতের আমির উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় গার্মেন্টস, পিক-আপ ও মেট্রোরেলে অগ্নিসন্ত্রাস ও অরাজকতার ঘটনা ঘটেছে। এই অগ্নিসন্ত্রাস ও সহিংসতার দায় জামায়াতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না। এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের জন্য তাঁকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার যখন শ্রমিকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশংসিত হচ্ছে, ঠিক তখনই আন্দোলন দমনে কঠোর হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। কিন্তু প্রকৃতপক্ষে তিনিই প্রথমে উস্কানি দিয়েছেন। ১৯৭১ সালের পরাজিত শক্তি এবং পতনের মুখোমুখি গুন্ডা বাহিনী একত্র হয়ে দেশকে অস্থিতিশীল করার এক ভয়াবহ চক্রান্ত ও ষড়যন্ত্রে মেতে উঠেছে।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭১-এর স্বাধীনতাবিরোধী শক্তি সংসদের বিরোধী দলে থাকা আমাদের সকলের জন্য লজ্জাজনক। শুধু ৭১ সালে দেশ স্বাধীন করে বসে থাকলে চলবে না, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র মোকাবিলায় মুক্তিযোদ্ধাদের এখনো রাজপথে সোচ্চার থাকতে হবে। কারণ জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের চেতনা ও নাম-নিশানাও রাখবে না।