প্রকাশিত: November 3, 2026
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা ও একটি মোটরসাইকেলসহ বি.এম. নাইমুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাট্টাইধোপা সাকিনের মাজরা বাজার সরকারি মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানির ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল মাজরা বাজার সরকারি মার্কেটে ইলিয়াস ডাক্তারের দোকানের সামনে মাজরা বাজার থেকে বিশ্বরোডগামী পাকা সড়কে বিশেষ অভিযান চালায়। এ সময় নাইমুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার হেফাজত থেকে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে এসআরবি-৬ জানিয়েছে।
সূত্র: এসআরবি-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)