পারমাণবিক হামলার আশঙ্কা: জরুরি নির্দেশনা প্রচার করছে ইরানের টিভি

প্রকাশিত: November 4, 2026

  • শেয়ার করুন

ইরানে মার্কিন পারমাণবিক হামলার গুঞ্জন ও আলোচনা তীব্র হওয়ার মধ্যেই নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ জরুরি নির্দেশিকা প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। বিস্ফোরণ থেকে শুরু করে তেজস্ক্রিয়তা এড়ানোর কৌশল হিসেবে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ মেনে চলার আহ্বান জানানো হয়েছে এতে।

 

টিভিতে প্রচারিত এই নির্দেশিকায় পাঁচটি প্রধান সতর্কতার কথা আছে। বিস্ফোরণের মুহূর্তে কী করতে হবে, তা যেমন আছে, তেমনি আছে তেজস্ক্রিয় ধুলা থেকে বাঁচার উপায়ও।

 

২৪ ঘণ্টা পার হলেও কেন তাড়াহুড়ো করে বাইরে যাওয়া যাবে না, নির্দেশিকায় তাও বলা হয়েছে।

প্রথম নির্দেশ হলো, বিস্ফোরণের তীব্র আলোর দিকে তাকানো যাবে না।

 

সঙ্গে সঙ্গে শক্ত কোনো আড়ালের পেছনে আশ্রয় নিতে হবে। এরপর মাটিতে উপুড় হয়ে শুয়ে মাথা ও মুখ ঢেকে রাখতে হবে।

বিস্ফোরণের ধাক্কা না থামা পর্যন্ত এভাবেই থাকতে হবে।

দ্বিতীয় নির্দেশ, ধাক্কা থেমে গেলে কাছের কোনো ভবনে ঢুকে পড়তে হবে। জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে থাকতে হবে। বাইরে দাঁড়িয়ে ঘটনা দেখা বা ছবি তোলা ঠিক নয়। গাড়িকে আশ্রয় ভাবাও যাবে না।

 

তৃতীয় নির্দেশ হলো, ত্বক ধোয়ার নিয়ম। তেজস্ক্রিয় ধুলা গায়ে লেগে থাকতে পারে। তাই খোলা ত্বক কুসুম গরম পানি ও সাবান দিয়ে ধুতে হবে। চুলে সাধারণ শ্যাম্পু ব্যবহার করতে হবে, কন্ডিশনার নয়। গোসল সম্ভব না হলে মুখ, হাত ও খোলা অংশ পানি বা ভেজা টিস্যু দিয়ে মুছে নিতে হবে।

 

চতুর্থ নির্দেশ, অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়ে থাকতে হবে। এই সময় বোতলের পানি ও প্যাকেটজাত খাবারের ওপর ভরসা রাখতে বলা হয়েছে।

 

পঞ্চম নির্দেশ, ২৪ ঘণ্টা পার হলেই ধরে নেওয়া যাবে না যে চারপাশ নিরাপদ। সরকারি ঘোষণা ও জরুরি সম্প্রচার শুনে নিরাপদ পথের খবর নিতে হবে। ভবনে আগুন লাগলে বা ধসে পড়ার ভয় থাকলে আরও নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে।

 

নির্দেশিকার মূল কথা তিনটি। সঙ্গে সঙ্গে সতর্কতা নিতে হবে। উপযুক্ত আশ্রয় খুঁজে নিতে হবে। আর সরকারি নির্দেশ মেনে চলতে হবে। নিরাপদ বলে নিশ্চিত না হয়ে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

 

গত ২৯ অক্টোবর ইরানের সংবাদ সংস্থা ইরনা প্রায় আট মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। ইরানের কর্তৃপক্ষ এটিকে বার্ষিক ‘প্যাসিভ ডিফেন্স সপ্তাহ’-এর অংশ বলে দেখিয়েছে। ২০২৫ সালের জুনের সংঘাতের সময় সরকার মূলত বলেছিল, তেজস্ক্রিয়তা নির্দিষ্ট স্থাপনার বাইরে ছড়ায়নি। এবারের নির্দেশিকা সেই বার্তা থেকে আলাদা। যার ফলে নতুন করে পারমাণবিক হামলার গুঞ্জন জোরালো হয়েছে।

  • শেয়ার করুন