প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

প্রকাশিত: November 5, 2026

  • শেয়ার করুন

খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌঁনে ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার সেকেন্ড অফিসার এসআই রজব কুমার মন্ডল এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

 

প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌঁনে ২টার দিকে তরিকুল ইসলাম শেখ স্থানীয় থুকড়া বাজারের রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় খুলনা মহানগরীর দৌলতপুরের দিক থেকে দুটি মোটরসাইকেলে সন্ত্রাসীরা চায়ের দোকানের সামনে পৌঁছায়। মুহূর্তেই তারা তরিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুটি গুলি তরিকুলের বুকে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

 

স্থানীয় সূত্র জানা গেছে, নিহত তরিকুল ইসলাম শেখের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

 

ডুমুরিয়া থানার এসআই রজব কুমার মন্ডল বলেন, দুপুর পৌঁনে ২টার দিকে দুর্বৃত্তরা তরিকুল ইসলাম শেখকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে থানার ওসি এম এ হকসহ ডুমরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কারা ও কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে তা বলা সম্ভব হচ্ছে না।

 

এ ব্যাপারে খুলনা জেলা পুলিশের এএসপি (বি-সার্কেল) খায়রুল আনাম বলেন, আমরা হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছি। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।

  • শেয়ার করুন