বাস-ট্রাকে আগুন দেওয়া মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ

প্রকাশিত: November 8, 2026

  • শেয়ার করুন

গত ১৭ বছর দেশে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যারা বিদেশের মাটিতে বসে বাংলাদেশে বাস ও ট্রাকে আগুন দিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, সরকার ও দেশের সাধারণ মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আক্রামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশের জনগণ নতুন দিশা পেয়েছিল। সে সময় পরাজিত শক্তি দেশকে বিপথগামী করতে এবং দেশের স্বার্থ বিকিয়ে দিতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। বিগত ১৭ বছর ধরে এই পরাজিত শক্তি বাংলাদেশকে শোষণ, শাসন ও নির্যাতন করেছে এবং এখনো দেশ ও জনগণকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

একাত্তরের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি এবং গত ১৭ বছরের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তি আজ এক হয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  • শেয়ার করুন