প্রকাশিত: November 9, 2026
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুপক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিশেষ পোশাক পরা ব্যক্তিদের অস্ত্র হাতে মহড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়।
গতকাল রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে র্যালি বের করেন। এতে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন। এতে বিএনপির একাধিক নেতা হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, তারা কারা? ঐক্য ও সংহতির কর্মসূচিতে এমন মহড়া ও বিস্ফোরণ কীসের ইঙ্গিত দিচ্ছে? এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে, ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, র্যালিটি দাগনভূঞা সরকারি আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেটে পৌঁছালে নিউ সুলতান মার্কেট ও জিরো পয়েন্ট এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। র্যালি শেষে নেতাকর্মীরা কলেজরোডের দিকে যাওয়ার সময়ও আবার বিস্ফোরণ হয়। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ধোয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে পড়লে পথচারীদের দিকবিদিক ছুটোছুটি করতে দেখা যায়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, সদস্য সচিব কামরুল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিনা আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম বাহাদুর, জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইল হোসেন সবুজ, জেলা যুবদলের সদস্য শাখাওয়াত হোসেন মামুন, হাসানুজ্জামান শাহাদাত, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহম্মদ ডিপলু, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন ভূঞা, নাসির উদ্দিন, জামাল উদ্দিন টিংকু, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজাম উদ্দিন হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিপন ও ছাত্রদল সভাপতি সামিমুল হক রাজিবসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, র্যালি শেষে বিএনপি নেতাকর্মীরা কলেজ রোডের দিকে যাওয়ার সময় ফের মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটে। র্যালির আগে ও পরে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া দুই শতাধিক লোক বিশেষ পোশাক, হেলমেট ও মাস্ক পরে লাঠি হাতে র্যালিকে সুরক্ষা দিতে দেখা যায়। তাদের হাতে থাকা ব্যাগে বিশেষ কিছু ছিল। এ ছাড়া কয়েকজনের শরীরে অস্ত্র বহন করতে দেখা গেছে বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। তবে ককটেল বিস্ফোরণে কারা জড়িত, তা বলতে পারেনি কোনো প্রত্যক্ষদর্শী ও পুলিশ। তবে প্রকাশ্য সড়কে বিপুলসংখ্যক ব্যক্তির এমন পোশাক ও লাঠি হাতে অবস্থান সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি করে।
এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতারাও। জেলা বিএনপির অন্যতম সদস্য মাহবুল হক রিপন বলেন, বিপ্লব ও সংহতি দিবসের মতো কর্মসূচিতে এ ধরনের অপতৎপরতা ও মহড়া সাধারণ মানুষের কাছে খারাপ বার্তা দিয়েছে। এতে মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে।
দাগনভূঞা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন অভিযোগ করে জানান, আওয়ামী ফ্যাসিস্ট, দালাল ও চাটুকারদের নিয়ে দাগনভূঞা বিএনপি চলতে পারে না। আমার বাড়িতে সন্ত্রাসী পাঠিয়ে মহড়া দেয়া হয়েছে। আমাকে গালি দেয়া হয়েছে। দাগনভূঞা থানার ওসির প্রত্যক্ষ মদদে এসব করা হয়েছে। স্থানীয়দের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পিছু হটেছে।
জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম জানান, পুলিশের সামনেই শোভাযাত্রায় কিছু লোক হলুদ গেঞ্জি পরে ব্যাগভর্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। এ ঘটনায় আমরা শঙ্কিত ও আতঙ্কিত। দাগনভূঞার মানুষের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মসূচিতে অস্ত্রের প্রদর্শনী কোন ভাবেই কাম্য নয়।
র্যালি শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, বিএনপি একটি বড় দল, মনের অমিল থাকতে পারে, আমরা দলের স্বার্থে ঐক্যের ডাক দিয়েছি। দাগনভূঞার মাটিতে কোনও সন্ত্রাসীর স্থান হবে না। বিএনপি বড় দল হওয়ায় অনেক কর্মীসমর্থক নেতৃত্বের অপেক্ষায় আছেন। সব মান-অভিমান ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তবে যারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য বাজারে চাঁদাবাজি, টেন্ডারবাজজি ও সন্ত্রাস করছে, তাদের সঙ্গে কোন ঐক্য নয়।
এ ব্যাপারে জানতে চাইলে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, শান্তিপূর্ণভাবে বিএনপির কর্মসূচি শেষ হয়েছে। ককটেল বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা তার জানা নেই। এর আগে অনুষ্ঠান ঘিরে দুপুর থেকেই উত্তেজনা বিরাজ করায় বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান নেয়।
দলীয় সূত্রে জানা গেছে, দাগনভূঞা বিএনপিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছে। গত ২ সেপ্টেম্বর দুইপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৪৫ জন আহত হন। এর আগের বছর ৫ আগস্ট দুপক্ষের সংঘর্ষে আহত হন অন্তত ৩০ জন।
দলীয় সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং বহিষ্কৃত ছাত্রদল নেতা জামশেদুর রহমান ফটিকের পক্ষের মধ্যে অর্ধশতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।