প্রকাশিত: November 9, 2026
এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন ধর্মঘটের সমর্থক অটোরিকশাচালকরা।
চালকদের দাবি, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি বেশি নির্ধারণ এবং একজন চালকের পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনার সুযোগ না রাখার বিধানের প্রতিবাদে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।
সকাল ৯টার দিকে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে অটোরিকশাচালকরা মিছিল নিয়ে সমাবেত হন।
সোয়া ৯টার দিকে দয়াগঞ্জ মোড়ে দুই স্কুলছাত্রীকে নিয়ে একটি অটোরিকশা যাওয়ার সময় সেটির ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় এক ব্যক্তি অটোরিকশাটির হেডলাইটে আঘাত করলে সেটি ভেঙে যায়। এতে অটোরিকশায় থাকা দুই স্কুলছাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। পরে চালকের সঙ্গে হামলাকারীর বাগবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
অন্যদিকে মুরগিটোলা মোড়ে তিন থেকে চারটি অটোরিকশা আটকে সেগুলোর ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে হঠাৎ করে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা। বিভিন্ন মোড়ে কর্মস্থলে যাওয়া মানুষরা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়ে অনেকেই যানবাহন না পেয়ে দীর্ঘ পথ হেঁটে যেতে বাধ্য হচ্ছেন।
যাত্রাবাড়ী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অফিস করতে যাওয়া এক কর্মকর্তা বলেন, ‘রাস্তায় এসে দেখি অটোরিকশা চলাচল বন্ধ। এখন বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।’
ধর্মঘটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।