ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ধসে নিহত ৩৬, এখনো নিখোঁজ ২৭ শিক্ষার্থী

প্রকাশিত: October 5, 2025

  • শেয়ার করুন

জাকার্তা, ৫ অক্টোবর (রয়টার্স): ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ভবন ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। একদিন আগেও এ সংখ্যা ছিল ১৬। রবিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনার সপ্তম দিনেও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ২৭ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারে অভিযান চলছে। নিহতদের বেশিরভাগের বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে। এ পর্যন্ত উদ্ধার ও ধ্বংসস্তূপ অপসারণের ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং সোমবারের মধ্যে পুরো অভিযান শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

গত সোমবার বিকেলে নামাজ চলাকালে পূর্ব জাভার সিদোয়ারজো শহরের আল খোজিনি মাদ্রাসা ভবনটি হঠাৎ ধসে পড়ে। শতাধিক শিক্ষার্থী তখন মসজিদে অবস্থান করছিল। ভবনের ভিত্তি চলমান নির্মাণকাজের চাপ সহ্য করতে না পারায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকাজের শুরুর দিকে হাতেগোনা কিছু যন্ত্রপাতি ব্যবহার করা হলেও শুক্রবার থেকে অভিভাবকদের অনুমতি নিয়ে ভারী যন্ত্র ব্যবহার শুরু হয়। তবে সুড়ঙ্গ কেটে শিক্ষার্থীদের নাম ধরে ডাকা ও সেন্সর ব্যবহার করেও জীবিত থাকার কোনো প্রমাণ মেলেনি।

আল খোজিনি স্থানীয়ভাবে ‘পেসানত্রেন’ নামে পরিচিত একটি ইসলামিক বোর্ডিং স্কুল। ইন্দোনেশিয়ায় প্রায় ৪২ হাজার পেসানত্রেনে ৭০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে বলে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য জানায়।

  • শেয়ার করুন