প্রকাশিত: October 9, 2025
পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এ নোটিশ পাঠান। বিষয়টি আইনজীবী নিজেই জাগো নিউজ-কে নিশ্চিত করেছেন।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর ইউটিউব চ্যানেল ‘চরমোনাই দর্পণ’-এ প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা যায়, মুফতি ফয়জুল করিম পবিত্র কুরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। ওই ভিডিওতে তিনি বলেন, “শুধু কুরআন কিচ্ছু না” এবং “শুধু কুরআন কুরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি”।
নোটিশে আরও বলা হয়, এ ধরনের মন্তব্য পবিত্র কুরআনের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থি এবং মুসলমানদের দ্বীনি অনুভূতিতে আঘাত হানে। কুরআন মুসলমানদের জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিকনির্দেশনামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়া বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
নোটিশে মুফতি ফয়জুল করিমকে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে প্রকাশ্যে বিবৃতি দিয়ে তার মন্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ধর্ম অবমাননাকর কোনো মন্তব্য না করার প্রতিশ্রুতিও দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।