বাংলাদেশে আপাতত আসতে পারছেন না জাকির নায়েক

প্রকাশিত: November 5, 2025

  • শেয়ার করুন

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, একটি প্রতিষ্ঠান ২৮ ও ২৯ নভেম্বর জাকির নায়েককে ঢাকায় আমন্ত্রণ জানাতে চেয়েছিল। এমনকি ঢাকার বাইরেও তার কিছু কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে সভায় আলোচনায় উঠে আসে, জাকির নায়েক বাংলাদেশে এলে ব্যাপক জনসমাগমের আশঙ্কা রয়েছে। ফলে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন প্রয়োজন হবে।

বর্তমানে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর অধিকাংশ সদস্য নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত থাকায়, এই মুহূর্তে এমন মোতায়েন সম্ভব নয় বলে সভায় মত দেওয়া হয়। এ কারণে জাতীয় নির্বাচনের আগে জাকির নায়েকের বাংলাদেশ সফরে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনে ভারত সরকার। এরপর তিনি দেশ ছাড়েন এবং বর্তমানে মালয়েশিয়ার পুত্রজায়া শহরে স্থায়ীভাবে বসবাস করছেন।

🔹 সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আরটিভি অনলাইন

  • শেয়ার করুন