ক্ষমতায় এলে দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াত আমিরের

প্রকাশিত: January 23, 2026

  • শেয়ার করুন

ক্ষমতায় এলে দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পাকিস্তান আমলে যে ১৯টি বড় জেলা ছিল তার মধ্যে দিনাজপুর ছিল গুরুত্বপূর্ণ জেলা। দিনাজপুরকে বলা হয় দেশের শস্য ভাণ্ডার। বৃহত্তর জেলা হিসেবে দিনাজপুরকে সিটি কর্পোরেশন করা হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলাম যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায় তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি দিনাজপুর শহরকে সিটি করপোরেশনে রূপান্তরিত করা হবে।

শুক্রবার বিকেলে দিনাজপুর গোড়-এ শহীদ ময়দানে ১০ দলীয় ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি দিনাজপুরের ৬টি আসনে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং গণভোটে ‘হ্যা’র পক্ষে ভোট চান।

জামায়াত আমির বলেন, গ্যাসের উৎস নিয়ে বৈজ্ঞানিক জরিপ চালানো হয়নি। হতে পারে এখানে গ্যাস আছে, যেহেতু কয়লার সন্ধান গেছে। কয়লার সাথে গ্যাসের একটা সম্পর্ক আছে। হয়তো একদিন সেই সম্পদ বের হয়ে আসবে। বাংলাদেশের অন্যান্য জায়গায় যদি গ্যাসের অংশীদারত্ব থাকে, দিনাজপুরেও আসবে।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছর বয়স পর্যন্ত সব শিশু এবং ৬৫ বছর বয়সী সব মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। বাংলাদেশে এমন কোনও জেলা থাকবে না যেখানে সরকারি মেডিকেল কলেজ হবে না। সব জেলায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, সব দলের প্রতি অনুরোধ বড় উচ্চমূল্যে কেনা আজকের এই পরিবেশ। কেউ নির্বাচনে সন্ত্রাস করবেন না। ভোট জালিয়াতি বা ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাও করবেন না। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য সরকারের প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা কারও পক্ষ নেবেন না।

জামায়াত আমির আরও বলেন, এমন বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে একটি শিশু জন্মগ্রহণের পরপরই তার ৩টি অধিকার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। একটি বাঁচার অধিকার, দ্বিতীয়টি সুস্বাস্থ্যের অধিকার এবং তৃতীয়টি শিক্ষার অধিকার। এই ৩ উপাদানে বড় হলে সে চাঁদাবাজ হবে না, সে মাদকসেবী হবে না, সন্ত্রাসী হবে না। তার জন্য তার মা-বাবা সম্মানিত হবে। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। যেখানে মা-বোনেরা সম্পূর্ণ নিরাপদ থাকবেন। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি থাকবে না।

তিনি বলেন, ৫ বছর বয়স পর্যন্ত সব শিশু বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার রাখে, তা নিশ্চিত করা হবে। ৬৫ বছর বয়স পর্যন্ত যে মানুষগুলো শুধু দিয়েই গেছেন, তাদের পড়ন্ত বেলায় তাদের দায়িত্ব নিতে হবে সরকারকে। তাদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে। একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রতিটি মানুষ প্রতিদিন ট্যাক্স দেন। আপনাদের টাকা দিয়েই আপনাদের সেবা প্রদান করা হবে। উত্তরবঙ্গ হবে কৃষি শিল্পের রাজধানী। সেই শিল্প গড়ে তোলা হবে। ক্ষমতায় গেলে আম, লিচুর ফুড প্রসেসিং ইন্ডাষ্ট্রি গড়ে তোলা হবে। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। ফসল এবং সবজির সংরক্ষণাগার গড়ে তোলা হবে।

এছাড়া ঠাকুরগাঁওয়ে আয়োজিত জনসভায় জামায়াত আমির বলেছেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, বরং ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে। অথচ এই উত্তরবঙ্গই বাংলাদেশকে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে।

বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গ থেকে আগামীদিনে আর কোনো বেকারের মুখ দেখতে চাই না আমরা। প্রত্যেক যুবক-যুবতী ও নাগরিককে মর্যাদার কাজের মাধ্যমে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে বন্ধ থাকা চিনিকলগুলো চালু করে শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা হবে।

জামায়াতের আমির বলেন, আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড। আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়ায় আমরা দয়ার পাত্রমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই।

তিনি দাবি করেন, দেশবাসীকে বিপদের সময় ফেলে তারা কোথাও যাননি, ভবিষ্যতেও যাবেন না।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গের মানুষকে ঢাকামুখী হতে হয়, যা সবার পক্ষে সম্ভব নয়। জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে দেশের কোনো জেলা মেডিকেল কলেজবিহীন থাকবে না এবং ঠাকুরগাঁওয়েও একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে।

অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ করে তিনি বলেন, দেশ থেকে চুরি করে বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধার করা হবে এবং ভবিষ্যতে কাউকে আর লুটপাট করতে দেওয়া হবে না।

ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ভোট দিতে না পারা মানুষের অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি ও স্বৈরতন্ত্রের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জামায়াতের আমির।

  • শেয়ার করুন