জেতার পরই টুঙ্গিপাড়ার ভ্যান চালকদের টোল বন্ধ করলেন বিএনপির এমপি জিলানী

প্রকাশিত: February 16, 2026

  • শেয়ার করুন

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী’র হস্তক্ষেপে টুঙ্গিপাড়ায় ভ্যান চালকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে আদায় হওয়া দৈনিক টোল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় ভ্যান চালকদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া পৌরসভা ইজারার মাধ্যমে প্রতিদিন প্রতিটি ভ্যান থেকে ১০ টাকা করে টোল আদায় করত। ২০১৮-১৯ সাল থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন সময় লেখালেখি হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

টোল বন্ধের খবরে ভ্যান চালকদের মধ্যে স্বস্তি দেখা গেছে। টুঙ্গিপাড়ার ভ্যান চালক আব্দুল মালেক বলেন, “সারাদিন ভ্যান চালিয়ে ৪০০-৫০০ টাকা আয় হয়। সংসার চালাতে হিমশিম খেতে হয়। তার মধ্যে আবার ১০ টাকা টোল দিতে হতো। এখন টোল বন্ধ হওয়ায় কিছুটা স্বস্তি পেলাম।”

আরেক ভ্যান চালক রফিকুল ইসলাম বলেন, “অনেকদিন ধরেই আমরা চাইছিলাম টোলটা বন্ধ হোক। বিভিন্ন জায়গায় বলেছি, কিন্তু কাজ হয়নি। এবার সত্যি সত্যিই বন্ধ হয়েছে, এতে আমরা খুব খুশি।”

ভ্যান চালক শুভ মণ্ডল জানান, “টাকা হয়তো কম, কিন্তু আমাদের মতো মানুষের জন্য প্রতিদিন ১০ টাকাও বড় বিষয়। এই সিদ্ধান্তে আমরা উপকৃত হবো।”

সম্প্রতি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এস এম জিলানী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। তিনি গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে টোল আদায় বন্ধের নির্দেশ দেন। পরে ইউএনও তাকে অবহিত করেন যে, ভ্যান চালকদের কাছ থেকে টোল আদায় কার্যক্রম বন্ধ করা হয়েছে। পাশাপাশি নতুন করে ইজারা দিয়ে টোল আদায়ের যে পরিকল্পনা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে এস এম জিলানী বলেন, “টুঙ্গিপাড়ার সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর যেন অযৌক্তিক কোনো আর্থিক চাপ না থাকে, সে বিষয়টি আমি সবসময় গুরুত্ব দিই। ভ্যান চালকদের দীর্ঘদিনের কষ্টের কথা জেনে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দ্রুত সিদ্ধান্ত হওয়ায় আমি আনন্দিত। মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আগামীতে পাটগাতি শেখ লুৎফর রহমান সেতু’তে আদায় করা টোলের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যেন সাধারণ মানুষ স্বস্তি পায়।”

টোল বন্ধের সিদ্ধান্তে টুঙ্গিপাড়ার ভ্যান চালকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা সংসদ সদস্যের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
ns coll

  • শেয়ার করুন