টাকা-স্বর্ণ নিয়ে রিলস বানানোর পর কোটি টাকার গয়না চুরি

প্রকাশিত: September 27, 2026

  • শেয়ার করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত স্বর্ণের গয়না ও টাকার বান্ডিলের ভিডিও পোস্ট করতেন এক ইনফ্লুয়েন্সার। শেষ পর্যন্ত সেই অনলাইন পোস্টই তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াল। শপিংয়ে যাওয়ার সুযোগ নিয়ে তার বাড়ি থেকে প্রায় ১ কোটি টাকার গয়না ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা।

ঘটনাটি ঘটেছে ভারতের কন্যাকুমারী জেলার নাগেরকোইলের কাছে থামাথুকোনম এলাকায়। সেখানে স্বামী বিনোদ কুমার ও এক সন্তানকে নিয়ে থাকেন ইনফ্লুয়েন্সর মধুমিতা।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবারটি শপিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিছু সময় পর রাতে ফিরে তারা দেখেন শোয়ার ঘরের আলমারি ভাঙা। আলমারির ভেতরে রাখা সোনা, হিরের অলঙ্কার ও নগদ টাকা উধাও হয়ে গেছে।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৯৬০ গ্রাম স্বর্ণের গয়না, হিরের অলঙ্কার এবং ৫০ হাজার টাকা নগদ। সব মিলিয়ে চুরি যাওয়া সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়)।

এই চুরির ঘটনার তদন্তে নেমে মধুমিতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের নজরে এসেছে তার একাধিক রিল ও পোস্ট। কোনো ভিডিওতে তাকে বাড়িতে থাকা সোনার গয়না পরে থাকতে দেখা গেছে। আবার কোথাও বিছানার ওপর সাজানো টাকার বান্ডিল দেখা গেছে। এমনকি সন্তানের ওপর টাকার নোট ছড়িয়ে দেওয়ার ভিডিও রয়েছে তার প্রোফাইলে।

তদন্তকারীদের দাবি, মধুমিতা কোথা থেকে গয়না কেনেন, সেটাও ফেসবুকে শেয়ার করতেন। পুলিশের বক্তব্য, পরিবারের সোশ্যাল মিডিয়া আপডেট এবং চুরির সময়ের মধ্যে একটি যোগসূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অর্থাৎ, পরিবার কখন বাড়িতে নেই, সেই তথ্য সোশ্যাল মিডিয়া থেকেই দুষ্কৃতীরা পেয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • শেয়ার করুন