প্রকাশিত: September 26, 2026
সালমান খানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা দেওয়ার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন ‘পঞ্চায়েত’ সিরিজখ্যাত জনপ্রিয় ভারতীয় অভিনেতা আসিফ খান। ‘বিগ বস ২০’-এর ঘরে পুরুষত্ব ও গোঁফ নিয়ে তার করা মন্তব্য ঘিরে শুরু হয়েছে সমালোচনা।
সম্প্রতি অনুষ্ঠানে ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন প্রতিযোগী গুল্লু যখন ইয়াং ডিএসএ-কে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিতে যান, তখন তিনি ইয়াং-এর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি নিজের টিমের সবার গোঁফের স্টাইল নিজের মতো করিয়ে নিচ্ছেন।
এই কথার জবাবে আসিফ খান নিজের রাজস্থানি সংস্কৃতির অজুহাত দিয়ে বলে বসেন, ‘আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের পরিচয়, আর যাদের গোঁফ নেই, তাদের আমরা পুরুষ মানুষ বলে গণ্যই করি না! তাই দাড়ি-গোঁফ এমনই রাখা হয়।’
আসিফের এই কথা শোনামাত্রই অন্য প্রতিযোগীরা আপত্তি জানান। গুল্লু ও আমান গান্ধী সরাসরি আসিফকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সমাজের বহু মানুষের গোঁফ থাকে না, এমনকি যার শোতে (সালমান খান) আসিফ এসেছেন, তার নিজেরও নিয়মিত গোঁফ থাকে না।
অভিনেত্রী মাহী ভিজ আসিফের এমন মনোভাবকে ‘অসুস্থ মানসিকতা’ আখ্যা দিয়ে বলেন, ‘উনি বলছেন আসল পুরুষ নাকি এরকম হয়! আসল পুরুষ কখনো এরকম হিংসুটে আর উগ্র হয় না, আসল পুরুষ পুরো পরিবার ও ঘরকে একসঙ্গে ধরে রাখে।’
আসিফের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর নেটদুনিয়ায় তীব্র ট্রলিং শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, আসিফ পরোক্ষভাবে শো-এর সঞ্চালক সালমান খানকেই উদ্দেশ্য করে কটু কথা শুনিয়েছেন। বিষয়টি নিয়ে আগামী পর্বগুলোতে নতুন বিতর্কের আভাস পাওয়া যাচ্ছে।