প্রকাশিত: August 8, 2026
বিশ্বকাপের মাঠে দর্শকদের উন্মাদনার আড়ালে চলছিল ভয়ঙ্কর হত্যা আর হামলার পরিকল্পনা। লিওনেল মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার হুমকি, ক্রিশ্চিয়ানো রোনালদোর হোটেলে হামলা চেষ্টা এবং একাধিক খেলোয়াড়, রেফারি ও কর্মকর্তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির মতো চাঞ্চল্যকর তথ্য যুক্তরাষ্ট্র পুলিশের একটি ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম গোল ডটকমের দেওয়া তথ্য মতে, ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের আগে এক ব্যক্তি ডালাস বিমানবন্দরে ফোন করে হুমকি দেন, তিনি আরও দুজনকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করবেন। তাদের কাছে হ্যান্ড গ্রেনেড ও এআর-১৫ রাইফেল থাকবে এবং হামলার লক্ষ্য হবে পুলিশ ও দুই দলের খেলোয়াড়রা। কথোপকথনে তিনি মেসিকে হত্যার হুমকিও দেন।