প্রকাশিত: August 16, 2026
খুলনা :
খুলনার রূপসায় ইটভাটার অফিসে ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও কথিত শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পা (৩৪)-কে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, রোববার (১৬ আগস্ট) রাত ৩টার দিকে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাতে রূপসা থানাধীন ‘মেসার্স রূপসা ব্রিকস’-এর অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন রূপসা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার দিন তিনি পিস্তল দিয়ে ফখরুলকে গুলি করার বিষয়েও স্বীকারোক্তি দিয়েছেন বলে জানায় সংস্থাটি। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের সম্পর্কেও তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।