প্রকাশিত: August 16, 2026
যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন এবং ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে করা পৃথক দুই মামলায় আলোচিত টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
প্রিন্স মামুনের আইনজীবী পলাশ রায় জানান, তার বিরুদ্ধে করা দুই মামলাতেই জামিন হয়েছে। আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে এখন বাধা নেই।
আদালত সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় এক হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। এছাড়া ভাটারা থানায় করা আত্মহত্যার চেষ্টার মামলাতেও তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
এর আগে, গত ২৩ জুলাই রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা মামলা করেন। এর আগে কোটি টাকা যৌতুক দাবি করে নির্যাতনের অভিযোগেও তিনি প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেছিলেন।
দুই মামলায় জামিন পাওয়ায় প্রিন্স মামুনের কারামুক্তির পথ এখন উন্মুক্ত।