খুলনায় প্রবাসী নারীর জমি দফায় দফায় দখলের চেষ্টা: নিরুপায় পুলিশ

প্রকাশিত: September 3, 2026

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:
আদালতের নির্দেশ তোয়াক্কা না করে খুলনার লবণচরা থানাধিন মুক্তা সড়ক নদীরপাড় এলাকায় এক প্রবাসী নারীর জমি দফায় দফায় দখলের চেষ্টা করছে ভুমিদস্যুরা। স্থানীয়ভাবে প্রভাবশালী ও রাজনৈতিক দলের পরিচয়দানকারী এসকল ভুমিদস্যুদের কাছে পুলিশও নিরুপায় হয়ে আছেন। ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ দখলের চেষ্টাকারীদের বার বার নিশেধ করলেও কোন লাভ হচ্ছে না ভুক্তভোগি পরিবারের। এবিষয়ে ভুক্তভোগি পরিবার লবণচরা থানায় ওই এলাকার মোঃ আব্দুর রাজ্জাকসহ দুইজনের নামে সেপ্টেম্বর জিডি করেছেন।
সুত্রে জানা গেছে, ২০১৫ সালে প্রবাসী সৈয়দা কানিজ ফাতেমা লবণচরা মৌজার ডিপি (আরএস) ২১৬১ নং খতিয়ানে আরএস ৭১৯৪ নং দাগে ০.০৫ একর জমি ক্রয় করেন। প্রবাসে থাকার কারনে উক্ত জমি তার আপন ভাই এসএম সরফরাজ আকবরকে আমমোক্তারনামা সুত্রে দেখাশোনার দায়িত্ব দেন। তিনি সোনাডাঙ্গা থানাধিন ময়লাপোতা সুলাইমান নগর এলাকার স্থায়ী বাসিন্দা হওয়ায় বোনের উক্ত বাড়িতে মাঝে মধ্যে যাওয়া আসা করতেন। এই সুবাদে ওই এলাকার কিছু অবৈধ জমি দখলকারী বার বার বাড়িটি দখলের চেষ্টা করে আসছেন। পুলিশের সরেজমিন প্রতিবেদন ও ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর খুলনার বিজ্ঞ আদালতের আদেশে প্রবাসী সৈয়দা কানিজ ফাতেমা উক্ত সম্পত্তির বৈধ কাগজে ও দখলীয় মালিক হিসেবে রায় পান। এছাড়া ওই সম্পত্তিতে অবৈধ দখল চেষ্টার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা মতে নিশেধাজ্ঞা দেন।
লবণচরা থানায় ভুক্তভোগি পরিবারের লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, প্রবাসী নারীর ওই জমিতে আধাপাকা ভাড়াঘর রয়েছে। সেখানে গত ৩০ আগস্ট অভিযুক্ত ভুমিদস্যুরা ভাড়াটিয়াদের নানা ধরনের হামলা ও সন্ত্রাসী কর্মকান্ড চালানোর ভয় দেখিয়ে তাড়িয়ে দেন। খবর পেয়ে সৈয়দা কানিজ ফাতেমার ভাই এসএম সরফরাজ আকবর ঘটনাস্থলে গিয়ে ভাড়াটিয়া বিহীন ঘরে তালাবদ্ধ করে চলে আসেন। পরবর্তিতে অবৈধ দখলকারীরা আবারও সেই বাড়িতে গিয়ে বাড়ির মালিকের তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে অবৈধ দখল করেন। বিষয়টি লবণচরা থানা পুলিশকে অবগত করেন ভুক্তভোগি পরিবার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবৈধ দখলের সত্যতা পায়। পুলিশ ঘটনাস্থলে স্থানীয় এলাকাবাসীর সম্মূখে দখল কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানান। তবে পুলিশের আহবানকেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন অবৈধ দখলদাররা।
এবিষয়ে লবণচরা থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিলো। কোন প্রকার অবৈধ দখল বাণিজ্য করতে দেয়া হবে না। যেই হোক আইন ভঙ্গ করলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • শেয়ার করুন