প্রকাশিত: September 13, 2026
গৌরব খন্না ও আকাঙ্ক্ষা চামোলার সম্পর্ক ভাঙার জল্পনা নতুন নয়। দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য নিয়ে নানা আলোচনা চলছে। এর মাঝেই বিচ্ছেদের পর গৌরবের কাছ থেকে আকাঙ্ক্ষা ১০ কোটি রুপি খোরপোশ চাইতে পারেন এমন খবর ছড়িয়ে পড়ে। এবার সেই গুঞ্জন নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আকাঙ্ক্ষা জানান, সত্যিই যদি তাঁর কাছে ১০ কোটি রুপি থাকত, তাহলে তিনি এতদিন সেখানে বসে থাকতেন না। বরং অনেক আগেই দেশ ছেড়ে চলে যেতেন। তাঁর কথায়, তিনি খোরপোশের জন্য মুখিয়ে থাকা মানুষ নন। আকাঙ্ক্ষা আরও বলেন, তাকে নিয়ে যে পরিমাণ অর্থের দাবি করা হচ্ছে, সেটি আদৌ সত্যি নয়। ১০ কোটি রুপি পেলে তার জীবনযাপনই বদলে যেত এমন ইঙ্গিতও দেন অভিনেত্রী।

গৌরব খন্না ও আকাঙ্ক্ষা চামোলা। ছবি: সংগৃহীত
এদিকে গৌরবের সঙ্গে বয়সের ব্যবধান নিয়েও বহুবার কটাক্ষের মুখে পড়েছেন আকাঙ্ক্ষা। গৌরব তার থেকে প্রায় ১০ বছরের বড় হওয়ায় তাকে ‘সুগার ড্যাডি’র সঙ্গে সম্পর্কের অভিযোগও শুনতে হয়েছে। যদিও আকাঙ্ক্ষার সাফ বক্তব্য, কারও থেকে ১০ বছর বড় হলেই তাকে ‘সুগার ড্যাডি’ বলা যায় না।
বিচ্ছেদের জল্পনার মধ্যেও আকাঙ্ক্ষার ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনও ‘আকাঙ্ক্ষা গৌরব খন্না’ নামটি রয়েছে। নাম না বদলানোর কারণও জানিয়েছেন তিনি। অভিনেত্রীর দাবি, মেটা-সংক্রান্ত সমস্যার কারণেই এখনও নাম পরিবর্তন করতে পারেননি।
২০১৬ সালে দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ে করেছিলেন গৌরব ও আকাঙ্ক্ষা। বর্তমানে তারা আলাদা থাকছেন বলে জানিয়েছেন আকাঙ্ক্ষা। যদিও বিচ্ছেদ নিয়ে গৌরব এখনও প্রকাশ্যে বিস্তারিত কোনও মন্তব্য করেননি।