বিয়ে নিয়ে দেবের মুখে আক্ষেপ, নিজের ভুল সিদ্ধান্ত নিয়ে যা বললেন অভিনেতা

প্রকাশিত: September 20, 2026

  • শেয়ার করুন

অভিনেতা দেবকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যেই নানা প্রশ্ন ওঠে। দীর্ঘ ক্যারিয়ারে সাফল্য, জনপ্রিয়তা ও ব্যস্ততার মধ্যেও এখনো বিয়ে করেননি এই অভিনেতা। এবার ‘দাদাগিরি’র বিশেষ পর্বে দেবকে বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি প্রশ্ন করলেন সুদীপা চট্টোপাধ্যায়। আর সেই প্রশ্নের উত্তরে দেবের একটি মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।

সম্প্রতি প্রকাশিত ‘দাদাগিরি’র নতুন প্রমোতে দেখা যায়, বিশেষ পর্বে দেবের সঙ্গে উপস্থিত রয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, অম্বরিশ ভট্টাচার্যসহ আরও অনেকে। অনুষ্ঠানে সুদীপা দেবকে প্রশ্ন করেন, পরিবারকে তিনি যথেষ্ট সময় দেন, কাজের পাশাপাশি পরিবারকেও গুরুত্ব দেন। তাহলে একজন ‘ফ্যামিলি ম্যান’ হয়েও এখনো বিয়ে করছেন না কেন? বিয়ে না করে কি তিনি সত্যিই সুখী?

  ‘দাদাগিরি’র মঞ্চে দেব। ছবি: সংগৃহীত

‘দাদাগিরি’র মঞ্চে দেব। ছবি: সংগৃহীত

উত্তরে দেব বলেন, বিয়ে না করলেই যে কেউ অসুখী, এমনটা তিনি মনে করেন না। একইভাবে সন্তান না থাকলেও মানুষ সুখী হতে পারেন বলেই তার মত। তবে এ প্রসঙ্গে নিজের জীবনের কিছু সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের কথাও জানান তিনি। দেব বলেন, জীবনে এমন কিছু সিদ্ধান্ত ছিল, যেগুলো হয়তো আরও আগে নেয়া উচিত ছিল। কিছু সিদ্ধান্ত আগে নিলে ভালো হতো বলেও মনে করেন তিনি। সেই সিদ্ধান্তগুলো না নেওয়ার কারণে তার আক্ষেপ রয়েছে। তবে এর অর্থ এই নয় যে তিনি নিজের পরিবার, বাবা-মা কিংবা কাজকে অবহেলা করেছেন।

মা আর বোনের সঙ্গে দেব। ছবি: অভিনেতার ফেসবুক

মা আর বোনের সঙ্গে দেব। ছবি: অভিনেতার ফেসবুক

বরং কাজকে ভালোবেসেই তিনি এত দূর এসেছেন বলে জানান দেব। পেছন ফিরে তাকালে তাঁর মনে হয়, জীবনের অনেকটা পথ ইতিমধ্যেই পেরিয়ে এসেছেন। তবে দেব ঠিক কোন সিদ্ধান্তের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। আর এখানেই তৈরি হয়েছে কৌতূহল। বিয়ে, সম্পর্ক নাকি জীবনের অন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোন বিষয় নিয়ে তাঁর এই আক্ষেপ, তা জানতে আগ্রহী ভক্তরা।

‘দাদাগিরি’র এই প্রমো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও দেবের মন্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকের ধারণা, প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে অভিনেতা বিষয়টি এড়িয়ে গেছেন। আবার কেউ কেউ মনে করছেন, ব্যক্তিগত জীবনের অনেক কথা হয়তো ইঙ্গিত দিয়েছেন দেব, কিন্তু প্রকাশ্যে বিস্তারিত বলতে চাননি।

  • শেয়ার করুন