প্রকাশিত: October 2, 2026
চট্টগ্রামের ফটিকছড়ি-মিরসরাই সড়কের নয়টিলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে যুবদল কর্মীসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় জনতা। এ সময় কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নয়টিলা এলাকায় পাহারারত স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক তিনজনের মধ্যে একজন ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন যুবদলের কর্মী আনোয়ার। তার বাবার নাম মিয়া। অপর দুজন মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি-মিরসরাই সড়কের নয়টিলা এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতির ঘটনা ঘটছে। এতে ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি ঠেকাতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে রাতে পাহারা দিয়ে আসছিলেন
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সন্দেহজনকভাবে অবস্থান নেওয়া কয়েকজনকে ঘেরাও করেন স্থানীয়রা। এ সময় তিনজনকে আটক করা সম্ভব হলেও কয়েকজন পালিয়ে যায়।
পরে খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।
জোরারগঞ্জ থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। পরবর্তীতে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”