শার্শায় মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: October 2, 2026

  • শেয়ার করুন

যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শার্শার শ্যামলাগাছী গ্রামের মৃত মতলেব হোসেনের ছেলে শার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক নজরুল ইসলাম (৬০), দীঘা চালিতাবাড়ীয়া গ্রামের মৃত সামছুদ্দিন মোল্লার ছেলে কায়বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (৫৫) এবং ঝিকরগাছার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ঝিকরগাছার নাভারণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবুল কালাম (৬০)। এদের মধ্যে নজরুল ইসলাম ও জসিম উদ্দিনকে নিজ বাড়ি এবং আবুল কালামকে নাভারণ-সাতক্ষীরা মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, শার্শা থানার মামলা নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২-এর মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইন ধারায় অভিযোগ রয়েছে। যশোরের শার্শায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী কর্মসূচিতে বিস্ফোরণের ঘটনার সাড়ে ৪ বছর পর কার্যক্রম নিষিদ্ধ শার্শা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের প্রথম সারির নেতাসহ ৬৭ জন নেতা-কর্মীর নামে গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় একটি মামলা করেন দক্ষিণ বুরুজবাগান গ্রামের ইউসুফ আলী। এই মামলায় এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের ধরতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

  • শেয়ার করুন