নান্দাইলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, ইমাম আটক

প্রকাশিত: October 2, 2026

  • শেয়ার করুন

ময়মনসিংহের নান্দাইলে মাতৃছায়া বৃদ্ধাশ্রমে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুবেল মিয়া (৩২) নামের মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বীর কামাটখালী এলাকায় এ ঘটনা ঘটে। আটক রুবেল মিয়া উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি স্থানীয় চৈতন কালী মসজিদের ইমাম।

মাতৃছায়া বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, আজ সন্ধ্যার পর ইমাম রুবেল মিয়া হঠাৎ বৃদ্ধাশ্রমে প্রবেশ করেন। একপর্যায়ে সেখানকার ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা চালান তিনি।

এ সময় ওই নারীর চিৎকারে বৃদ্ধাশ্রমের অন্যান্য বাসিন্দারা এগিয়ে এসে তাকে আটক করেন। খবর পেয়ে তিনি থানায় জানালে পুলিশ অভিযুক্ত রুবেলকে আটক করে নিয়ে যায়।

অভিযুক্ত রুবেল মিয়া আটকের পর দাবি করেন, তিনি ওই নারীসহ বৃদ্ধাশ্রমের অন্য নারী ও পুরুষদের সেবা করার উদ্দেশ্যে সেখানে প্রবেশ করেছিলেন।

এ বিষয়ে নান্দাইল থানার ওসি আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে অভিযুক্ত আটক রুবেলকে নিয়ে আসে। রাতেই তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • শেয়ার করুন