৪ লাখ টাকায় স্ত্রীকে ভারতে বিক্রির চেষ্টা, রিসোর্ট থেকে উদ্ধার

প্রকাশিত: October 6, 2026

  • শেয়ার করুন

সিলেটের জাফলং সীমান্ত দিয়ে স্ত্রীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ সময় পাচারের উদ্দেশ্যে জাফলংয়ের একটি রিসোর্টে নিয়ে আসা ওই গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তাঁকে চার লাখ টাকার বিনিময়ে ভারতে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল।

গতকাল সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলংয়ের ‘প্রজাপতি রিসোর্টে’ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূকে জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে রিসোর্টটিতে অবস্থান করছিলেন অভিযুক্তরা। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই রাজিব রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা গৃহবধূকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলাতলী গ্রামের আব্দুল লতিফের ছেলে ও ওই নারীর স্বামী আশিকুর রহমান, নিশ্চাম গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম, পালগাঁও গ্রামের মোনছের আলীর ছেলে কাওছার এবং গোবুদিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে সাগর মিয়া।

উদ্ধারের পর ওই নারী খুকি আক্তার মীম বাদী হয়ে সোমবার রাতেই গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা এক নারীকে উদ্ধার করা হয়েছে। তাঁর স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করেছেন। সীমান্ত এলাকায় মানব পাচারসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • শেয়ার করুন